ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন থেকে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি।
তার স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে হলেও, হবিগঞ্জের মাধবপুরে রয়েছে তার শ্বশুরবাড়ি। পারিবারিক এই সম্পর্কের সূত্র ধরেই তিনি ওই সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাহেরির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা দায়ের করা হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।
পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। হলফনামায় উল্লেখ করা তথ্যে দেখা যায়, দম্পতির সব সম্পদ তাহেরির নিজের নামে রয়েছে; স্ত্রীর নামে কোনো অস্থাবর বা স্থাবর সম্পদ নেই। এমনকি তার স্ত্রীর নামে কোনো স্বর্ণালংকারও নেই। তবে তাহেরির নিজের মালিকানায় রয়েছে ৩১ ভরি স্বর্ণ।
তিনি যে ওয়াজ মাহফিলে বক্তব্য দেন তার মাধ্যমে তিনি যা আয় করেন সেই হিসেবে বছরে তা হয় ৭ লাখ ৯১ হাজার টাকা। কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬ হাজার ৪শ টাকা। আর ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে নগদ অর্থ আছে ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।
তাহেরীর পারিবারিক কৃষিজমি আছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার; যার বর্তমান মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে।
















