আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কারাগার থেকেই ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডা. এনামুর রহমান। বাংলাদেশে এই প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার বাস্তব প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ব্যবস্থাপনায় পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাগারে থাকা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সারা দেশে প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৮৪ হাজার। তবে জাতীয় পরিচয়পত্রের অভাব ও অনাগ্রহের কারণে বড় একটি অংশ নিবন্ধনের বাইরে রয়ে গেছে। নিবন্ধন সম্পন্ন করা বন্দিদের মধ্যেই উল্লিখিত ২২ জন সাবেক এমপি ও মন্ত্রী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা ও সময়সূচি চূড়ান্তসহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কারাগারে থাকা নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করার এই উদ্যোগকে ভোটাধিকার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এটি দেশের নির্বাচনী ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
















