রাউজান প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রুস্তম আলী গত ৩ ফেব্রুয়ারি প্রবাস থেকে দেশে ফেরেন। বুধবার দুপুরে ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ঘরের গ্রিলে আঘাত করে, চিৎকার-চেঁচামেচি ও গালাগাল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বের হতে ভয় পান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “হঠাৎ বিকট শব্দে কয়েকটি গুলির আওয়াজ শুনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমরা বাইরে বের হতে সাহস পাইনি। নির্বাচনের আগে এমন ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।”
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা জড়িত এবং ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















