ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রেজাল্ট শিট সংক্রান্ত একটি ঘটনায় ২৩টি শিট জব্দ করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।
ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন করে রেজাল্ট শিট প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রিসাইডিং অফিসারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দাড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ওই ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দায়িত্বশীল নির্বাচনী কর্মকর্তা।

















