চট্রগ্রাম প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন এক প্রিসাইডিং কর্মকর্তা।
অসুস্থ হওয়া কর্মকর্তা বরুণ কান্তি সাহা, তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম নিতে সেখানে উপস্থিত হন। সরঞ্জাম বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বরুণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান।
পরে উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

















