ডেস্ক রিপোর্ট : সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা ভর্তি একটি ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে হেফাজতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ইসিজিতে জটিলতা ধরা পড়ায় হৃদরোগের আশঙ্কায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। এর আগে প্রাথমিকভাবে তাকে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানান, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে আসেন। ইসিজিতে সমস্যা পাওয়া গেছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলেই তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
এর আগে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরে অবতরণ করেন বেলাল উদ্দিন প্রধান। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার তথ্য পেয়ে সৈয়দপুর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে, যা তার গার্মেন্টস ব্যবসার টাকা।
তবে পুলিশ ব্যাগটি তল্লাশি করে ৭৪ লাখ টাকা জব্দ করে। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ওই টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
















