চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ধারাবাহিক সেবা কার্যক্রম পরিচালনা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার দিন সংগঠনটির পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস ও তথ্য সহায়তা কার্যক্রম চালু রাখা হয়।
আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য দুটি ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়। মুরাদপুর এলাকা থেকে ৭০ জনের অধিক ভর্তি পরীক্ষার্থী নিয়ে বাস দুটি নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদভাবে ভর্তি পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এ উদ্যোগের ফলে পরীক্ষার্থীদের সময়মতো ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা অবস্থান করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। পরীক্ষাকেন্দ্র, হলের অবস্থান, রুট নির্দেশনা ও সময়সূচি সংক্রান্ত নানা বিষয়ে তারা পরীক্ষার্থীদের সহায়তা করেন।
এর আগে গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তথ্য ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এদিনও সংগঠনের স্বেচ্ছাসেবকরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ও হলসংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

একইভাবে ২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার স্বেচ্ছাসেবকরা মাঠে সক্রিয় ছিলেন। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে তারা বিভিন্ন স্থানে অবস্থান করে তথ্য সহায়তা ও দিকনির্দেশনা দেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ও মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

















