ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির নেতা মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, হাবিবুল্লাহ বাহার কলেজে তাঁর ওপর চালানো হামলার পেছনে মির্জা আব্বাসের অনুসারীরা জড়িত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলে এক জরুরি সংবাদ সম্মেলনে পাটওয়ারী বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এটি স্পষ্ট শৃঙ্খলা ভঙ্গ। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাচ্ছি। এখন সিদ্ধান্ত নিতে হবে—দলে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হবে, নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। তারপরও আমাদের ওপর হামলা হয়েছে। ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না—ভোটে জিতি বা না জিতি, এই অবস্থান থেকে আমরা সরব না।”
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পাটওয়ারীর দাবি, হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং কলেজের গভর্নিং বোর্ড গঠনে মির্জা আব্বাসের প্রভাব রয়েছে। তিনি বলেন, “প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ আমরা আগেই শুনেছিলাম।”
হামলার জন্য ছাত্রদল সংশ্লিষ্ট সাবেক নেতাদের দায়ী করে তিনি বলেন, “এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন সাবেক ছাত্রদল নেতারা। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একজন ব্যক্তি।”
তিনি আরও বলেন, “নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকব কেন—এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।”
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এতে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
















