বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটের প্রচার শুরু প্রসঙ্গে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।” তবে প্রচারের কৌশল বা কর্মসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারের অংশ হিসেবে সিলেটে মাজার জিয়ারত শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। সফরের ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানায়, ঐতিহ্যগতভাবে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপি তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরে সফরের নতুন সময়সূচি জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
















