অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—কেন্দ্রীয় সংসদের তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় ছিনিয়ে নিয়েছে এই প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি ভোটকেন্দ্রের ফলাফল একযোগে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ভিপি পদে স্পষ্ট ব্যবধানে জয়
ফলাফলে দেখা যায়, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৮০।
জিএস পদে বড় ব্যবধান
সাধারণ সম্পাদক পদে আরও বড় ব্যবধানে জয় পান শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এই পদে ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোট।
এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থীর জয়
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন ৫ হাজার ০০২ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

















