ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।
এর আগে রোববার নির্বাচন কমিশন ঘোষণা দেয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরে সারাদেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এই সিদ্ধান্ত প্রকাশের পর সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী মহলে সমালোচনা দেখা দেয়। গণমাধ্যমকর্মীদের মতে, মোবাইল ফোন ছাড়া ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন কার্যত অসম্ভব এবং এটি তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সাংবাদিকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আশ্বাস দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
















