জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো নির্বাচনী বা রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেনি বলে স্পষ্ট করেছে দলটি।
বুধবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে—এমন খবর ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিষয়টি ভিত্তিহীন দাবি করে এনসিপি জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বাড্ডা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশের এলাকায় গুলির ঘটনা ঘটেছিল। তবে সেটি কোনোভাবেই নাহিদ ইসলামের নির্বাচনী অফিস বা ব্যক্তিগত রাজনৈতিক অফিস নয়।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই ঘটনার সঙ্গে এনসিপি বা কোনো রাজনৈতিক কার্যক্রমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
এনসিপি নেতারা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
















