জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৪ আসনে ভোটের মাঠে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জোট রাজনীতির কৌশলগত সমীকরণে পরিবর্তন এনে এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ডা. জহির উদ্দিন আহম্মেদকে।
১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত অন্যতম শরিক দল খেলাফত মজলিস থেকে এবার প্রার্থী ঘোষণা করা হচ্ছে। দলটির মনোনয়নেই পটুয়াখালী–৪ আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন ডা. জহির উদ্দিন আহম্মেদ।
ডা. জহির উদ্দিন আহম্মেদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং একই সঙ্গে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে তাকে জোটের প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
প্রথমদিকে এই আসনে ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজকে জোটের প্রার্থী করার কথা থাকলেও জোটগত সমীকরণে পরিবর্তনের ফলে সে সিদ্ধান্ত থেকে সরে আসে শরিক দলগুলো। আওয়ামী লীগের ভোটব্যাংক ও ডা. জহির উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকে বিবেচনায় নিয়েই তাকে প্রার্থী করা হয়েছে বলে জানা গেছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট নাজমুল আহসানও বিষয়টি নিশ্চিত করে বলেন,
“পটুয়াখালী–৪ আসনে আমাদের জোটের পক্ষ থেকে খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদকে চূড়ান্ত করা হয়েছে। আজ অথবা আগামীকালের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
















