চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিন্তাশীল পাঠচক্র ‘চিন্তাবৃত্ত’-এর চতুর্থ আসর সম্পন্ন হয়েছে। এবারের আসরটি উৎসর্গ করা হয় ফিলিস্তিনসহ সারা বিশ্বের মজলুম জনগোষ্ঠী এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে। আয়োজকরা জানান, এই আসরের মূল ভাবনায় ছিল জুলুম, প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
আসরটি বিশেষভাবে উৎসর্গ করা হয় শহীদ উসমান হাদি, শহীদ মাওলানা রইস উদ্দিন, শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-সহ কুদস শরীফের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী সকল মজলুম শহীদদের প্রতি। বক্তারা তাঁদের আত্মত্যাগকে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
আলোচনায় বিশেষভাবে স্মরণ করা হয় জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনে প্রথম সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা কাদেরীয়া তরিকার সুফী সাধক শহীদ শাইখ ইযযুদ্দীন আল কাসসাম আল কাদেরী (রহ.)-এর ঐতিহাসিক ভূমিকা। পাশাপাশি স্মরণ করা হয় ঢাকার বুকে শায়িত থাকা ইনসাফ ও ন্যায়ের প্রতীক আরেক সুফী ব্যক্তিত্ব খাজা শরফুদ্দিন চিশতী (রহ.)-কে। আলোচকরা বলেন, এই সুফী ব্যক্তিত্বরা কেবল আধ্যাত্মিক সাধকই নন, বরং অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের অনন্য দৃষ্টান্ত।
এবারের আসরের জন্য নির্বাচিত বই ছিল মুসা আল হাফিজ রচিত “ফিলিস্তিন বনাম জায়নবাদ: লড়াই ও লিগ্যাসি”। বইটিকে কেন্দ্র করে ফিলিস্তিন প্রশ্ন, জায়নবাদী আগ্রাসনের ঐতিহাসিক পটভূমি এবং প্রতিরোধ আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে গভীর আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন ফাহাদ বিন আজাদ সিদ্দীকী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০১৮–১৯ শিক্ষাবর্ষ) এবং আবু তৈয়্যব মুহাম্মদ বাহাউদ্দিন (আরবি বিভাগ, ২০২২–২৩ শিক্ষাবর্ষ)। তাঁরা বইয়ের আলোকে ইতিহাস, রাজনীতি ও সাংস্কৃতিক প্রতিরোধের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পথচলা সম্পর্কে বক্তব্য রাখেন মোহাম্মদ নেওয়াজ সিদ্দিকী। তিনি বলেন, “আমাদের এই পদযাত্রা শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) এবং শহীদ উসমান হাদি ভাইদের কাঙ্ক্ষিত যে সাংস্কৃতিক উত্থান, তার বাস্তবায়নেরই অংশ। আমরা বিশ্বাস করি, চিন্তা ও সংস্কৃতির মাধ্যমেই দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মালিক কবুল করুক।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও চিন্তাবৃত্ত নিয়মিতভাবে এমন পাঠচক্র ও আলাপ আয়োজনের মাধ্যমে ইতিহাস, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ চর্চাকে এগিয়ে নিতে কাজ করে যাবে।

















