চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ভর্তি পরীক্ষার শুরু থেকেই সংগঠনটির পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস, তথ্য সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অব্যাহত ছিল।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় তথ্য সহায়তা বুথ স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চবি শাখা। পরীক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্র, আসন বিন্যাস, যাতায়াত ও সময়সূচি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রসেনার নেতৃবৃন্দ।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও তথ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে ছাত্রসেনা চবি শাখা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতারা, যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনেও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চবি শাখার সহায়তা কার্যক্রম চোখে পড়ার মতো ছিল। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে সংগঠনটির ফ্রি বাস সার্ভিসে দায়িত্ব পালন করেন চবি ছাত্রসেনার দায়িত্বশীল নেতাকর্মীরা, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সহজ করে।
এ ছাড়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের জন্যও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও তথ্য সহায়তা প্রদান করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকরা সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় অবস্থান করে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন।.
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন উদ্দীন সাকিব এবং সাংগঠনিক সম্পাদক দৌলতুল ইসলাম সাকলাইন জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের ভোগান্তি কমানোই তাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। আগামীতেও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

















